এক লোক নিজের জীবন নিয়ে খুব হতাশ। পড়াশোনা শেষ করেছে অথচ কোনো চাকরিবাকরি নেই। বেকার জীবন অসহ্য হয়ে উঠেছে। একদিন রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে নিজেই নিজেকে গালাগাল করতে করতে চলছে পথ দিয়ে। ক্ষোভে-দুঃখে একটু উচ্চ স্বরেই গালাগাল করছিল নিজেকে। 'ব্যাটা অপদার্থ, কোনো কাজের না ... কোনো উন্নতি করতে পারে না ... ফাজিলের ফাজিল ...' এরকম নানা বিশেষণের অজস্র গালি দিতে দিতে চলছিল আপন মনে। হঠাৎ কোত্থেকে একদল পুলিশ এসে হাজির-
-ইউ আর আন্ডার অ্যারেস্ট!
-মানে?
-মানে তোমাকে এখন থানায় যেতে হবে।
-আমার অপরাধ?
-তুমি প্রকাশ্যে সরকারকে গালাগাল করেছ।
-আজব ব্যাপার তো, কখন?
-এই যে এতক্ষণ গালাগাল করতে করতে হাঁটছিলে।
-আশ্চর্য আমি তো সরকার শব্দটাই মুখে আনিনি। আমি তো নিজেকেই গালাগাল করছিলাম।
-কিন্তু তুমি যা বলছিলে তার সঙ্গে সরকারের হুবহু মিল ... তাই ইউ আর আন্ডার অ্যারেস্ট।